আবনা ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে অন্তত দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ হামলায় আরো ১০ ব্যক্তি আহত হয়েছেন।
ইসরাইলি সেনারা বুরেইজ উদ্বাস্তু শিবিরের পূর্ব অংশে ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ১৮ বছর বয়সি মোহাম্মদ আবু জায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন এবং তিনি প্রাণ হারান। এর কিছুক্ষণ পরেই ইসরাইলি বাহিনীর হাতে একই এলাকায় আরেক ফিলিস্তিনি শহীদ হন। নিহত ২৬ বছর বয়সি মোহাম্মদ মাজদি কায়তা খান ইউনুসের অধিবাসী বলে জানা গেছে।
ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। গত অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই ডজনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে।
গত অক্টোবর মাস থেকে ফিলিস্তিনীদের উপর ইহুদিবাদী ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এ সকল হামলায় নারী ও শিশুসহ এ পর্যন্ত ১৬০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। গত আগস্ট মাসের শেষ দিকে ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। এরপর থেকে পশ্চিম তীরে ইসরাইল বিরোধী কুদস-ইন্দিফাদা বা কুদস-গণজাগরণ শুরু হয়।#